শিরোনাম

টাঙ্গাইল, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার মির্জাপুর উপজেলায় আজ পরিবেশগত ছাড়পত্রবিহীন দু’টি ইটভাটার কার্যক্রম বন্ধ এবং মোট ছয়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও টাঙ্গাইল জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার মির্জাপুর উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।
অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় মির্জাপুর উপজেলায় দু’টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।