বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:০৯

মহেশখালীতে ডাকাতের কবলে পড়া ৯ জেলে উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ডাকাতের কবলে পড়া ৯ জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি: বাসস

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ডাকাতের কবলে পড়া ৯ জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। অভিযানে ১ জন ডাকাতকে আটক করা হয়।

তিনি বলেন, গত সোমবার বিকাল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানার বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে এফ বি আল্লাহর দান নামে একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে অবগত হয়ে অভিযান চালায় মহেশখালী কোস্টগার্ড স্টেশন। এসময় ডাকাতের কবলে পড়া ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং ১ জন ডাকাতকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।