শিরোনাম

পটুয়াখালী, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাউফল উপজেলায় গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাউফল ইউনিয়ন পরিষদের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
গণসচেতনতামূলক এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
এ সময় ইউএনও সালেহ আহমেদ বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। তাই গণভোট সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। এজন্য সবাইকে নির্ভয়ে ও সচেতনভাবে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এ ধরনের উঠান বৈঠক আয়োজন করা হবে। এতে করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে এবং বিভ্রান্তি দূর হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম। তিনি বলেন, গণভোটের নিয়ম-কানুন, ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জনগণকে জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বাউফল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেনসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উপস্থিত ইউপি সদস্যরা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
উঠান বৈঠক শেষে অংশগ্রহণকারীরা গণভোট বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সেসব প্রশ্নের উত্তর দেওয়া হয়।