বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫১

নির্বাচনে সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ কেএমপি কমিশনারের

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান মঙ্গলবার বয়রা পুলিশ লাইন্সে ২৬তম ব্যাচের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন। ছবি : বাসস

খুলনা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সম্মিলিত দায়িত্বের ওপর জোর দিয়েছেন।

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার বয়রা পুলিশ লাইনসে আয়োজিত ২৬তম ব্যাচের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কেএমপি কমিশনার বলেন, ‘ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন এবং ভয় বা বাধা ছাড়াই তাদের ভোট প্রদান করতে পারেন, সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে।’

তিনি নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম, যেমন— জাল ভোটদান, ভোটারদের ভয় দেখানো বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের ওপরও জোর দেন।

সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ জাতিকে একটি বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে তিনি মত প্রকাশ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামীমা আক্তার সুমি, সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাকসহ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা।