বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:০১

সিরাজগঞ্জে তাপমাত্রা কিছুটা বেড়েছে

তাড়াশ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলনবিল আশেপাশের এলাকায় আজ ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।  ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৬ জানুয়ারি, ২০২৬ ( বাসস) : গত কয়েক দিনের তুলনায় জেলায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে। 

বাঘাবাড়ি আবহাওয়া অফিস জানিয়েছে, বাঘাবাড়ি ও আশেপাশের এলাকায় ১১.৪ এবং তাড়াশ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলনবিল আশেপাশের এলাকায় আজ ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। 

এর আগে শনিবার (৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার (৪ জানুয়ারি) সকালে এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ। যা শীতের অনুভূতিকে আরো তীব্র করে তুলেছিল। 

তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বেশি। 

তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও জনজীবন এখনও স্বাভাবিক হয়নি। যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে নৌযান চলাচল এখন ব্যাহত হচ্ছে। তীব্র শীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও কম।

এদিকে টানা শীতের কারণে ধানের বীজতলা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শিগ্গিরই তাপমাত্রা না বাড়লে বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে আগামী বোরো মৌসুমে চারা সংকটের সম্ভাবনা রয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যেই জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। অবশ্য সিরাজগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এবার শীতের প্রকোপ বেশি হলেও সরকারি বা বেসরকারিভাবে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ খুবই অপ্রতুল।