শিরোনাম

রাঙ্গামাটি, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনে চতুর্থ পর্যায়ের ২৪-২৫ তম ব্যাচের ৩দিন মেয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলার পুলিশ লাইন্সে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
কর্মশালায় জেলা পুলিশ সুপার বলেন, আসন্ন সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখার বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
চতুর্থ পর্যায়ে ২৪-২৫ তম ব্যাচের রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত মোট ১০৫ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।