শিরোনাম

লালমনিরহাট, ৬ জানুয়ারি, ২০২৬(বাসস) : জেলার সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি মোটরসাইকেলসহ একজন যুবককে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় ঝাউরানী বিওপির আওতাধীন দক্ষিণ ঝাউরানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোটরসাইকেলযোগে আসা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে তাকে থামার সংকেত দেওয়া হয়।
এসময় সে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তি মো. মুনছুর হেলাল (২০)। তিনি হাতিবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী গ্রামের বাসিন্দা। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
একই দিন রাতের দিকে দিঘলটারী বিওপির আওতাধীন দক্ষিণ নামাটারী এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। সেখানে কয়েকজন চোরাকারবারি সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে হাতিবান্ধা থানায় মামলা দায়ের করে তাকে মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফ. কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।