বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৫

পটুয়াখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবককে ১৪ দিনের কারাদণ্ড

সোমবার রাতে জেলার কলাপাড়ায় কোম্পানিপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অ্যালকোহল সেবনের অপরাধে দুই যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়ায় অ্যালকোহল সেবনের অপরাধে দুই যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার রাতে কোম্পানিপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডিতরা হলেন, মো. জুলহাস (১৯) ও মো. ইব্রাহিম (১৯)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, মাদকদ্রব্য অ্যালকোহল সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় ওই দুই যুবককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

এ অভিযানে কলাপাড়া থানার পুলিশ সহযোগিতা করে।