বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম (দক্ষিণ), ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চার ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

জানা গেছে, অভিযানকালে মেসার্স নুর হোসেন ফোরক কোং ব্রিকস ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা, মেসার্স সেভেন স্টার ব্রিকস ম্যানুফ্যাকচারার্স এন্ড সাপ্লাইয়ার্স ও মেসার্স সেভেন স্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং (ইউনিট-২) প্রতিষ্ঠানের মালিকদের ৫০ হাজার টাকা করে এবং মেসার্স পায়েল ব্রিকস ম্যানুফ্যাকচারার্স প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।