বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩১

জিসিসির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ছবি : বাসস

গাজীপুর, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): তীব্র শীতের প্রকোপে নগরীর দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে সিটি এলাকার শীতার্ত মানুষের মধ্যে পর্যায়ক্রমে মোট তিন হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার জয়দেবপুর গোরস্থান এতিমখানায় বসবাসরত ৫০ জন এতিম শিশুর হাতে কম্বল তুলে দেন সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। শীতের এই কনকনে আবহাওয়ায় এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ তাদের জন্য স্বস্তি ও উষ্ণতার বার্তা বহন করছে বলে জানান সংশ্লিষ্টরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. লেহাজ উদ্দিন, এতিমখানা মাদ্রাসার সুপারসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ওই বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে নগরীর শীতার্ত মানুষের জন্য তিন হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। তবে শীতের তীব্রতা বিবেচনায় রেখে আরও কিছু কম্বল বিতরণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন দর্শন কেবল অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দুর্যোগ ও দুর্ভোগের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও দায়িত্বশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।