শিরোনাম

মাদারীপুর, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার এক যুবক নিহত হয়েছে।
নিহত ছাব্বির মোল্লা (৩০) ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের আক্কাস মোল্লার ছেলে। আজ রোববার সকালে নিহতের পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, সংসারের হাল ধরতে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ছাব্বির মোল্লা ইতালিতে পাড়ি জমান। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
তারা জানান, গত বছরের ২৮ ডিসেম্বর বিকেলে ইতালির মিলান শহরে সড়ক পারাপারের সময় একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই মো. জিয়াউর রহমান বলেন, ‘একটি দুর্ঘটনায় আমাদের পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছাব্বির খুব পরিশ্রমী ছিল। তার পরিবার এই শোক কীভাবে সইবে জানি না।’
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।’