শিরোনাম

পটুয়াখালী, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর কুয়াকাটায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লার উদ্যোগে তার পাঞ্জুপাড়াস্থ নিজ বাড়িতে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উপকূলীয় এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
উপকারভোগী মো. কুদ্দুস মিয়া বলেন, এই কনকনে শীতে শীতবস্ত্র পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। শীতের কারণে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের জন্য বড় সহায়তা।
অপর উপকারভোগী মোমেনা বেগম বলেন, শীতবস্ত্র পেয়ে অনেক স্বস্তি পেয়েছি। শীতের রাতে কষ্ট কমবে। আমাদের মতো অসহায় মানুষের কথা যারা চিন্তা করেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার।
পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাহাঙ্গীর মোল্লা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি সবসময় দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করছি।