বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ছবি : বাসস

নীলফামারী, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে আজ শনিবার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার- এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলায় সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা ।

এ সময় সহকারী জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, প্রবীণ হিতৈষি সংঘের সভাপতি একে এম জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সমাজসেবা ঋণ বিতরণ কর্মসূচীর আওতায় ৫জনের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনজন কর্মকর্তা ও তিনজন ইউনিয়ন সমাজকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক জানান, সম্মাননা প্রাপ্তরা হলেন শহর সমাজসেবা কর্মকর্তা হৃদয় হোসেন, নীলফামারী হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নুরুন্নাহার নুরী ও জলঢাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান এবং নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী কাওছার বেগ, কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আরিফুর রহমান ও ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী জান্নাতুল ফেরদৌস বিন্তি।