শিরোনাম

যশোর, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনটি নাশকতার মামলার চার আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
যশোর কোতোয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন জানান, গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলা এড়েন্দা বাজার থেকে দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান খোকন ওরফে বাবুকে (৫৫) গ্রেফতার করা হয়। তিনি এড়েন্দা বাজার এলাকার মৃত ডাক্তার আব্দুল খালেকের ছেলে।
একইদিন রাত ৯টার দিকে শহরের ষষ্টিতলাপাড়া থেকে আওয়ামী লীগের কর্মী ফায়সাল হোসেনকে (৩৮) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
ডিবি পুলিশের সহায়তায় এই দুজনকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই ইলিয়াস হোসেন।
তিনি বলেন, এই দুইজন ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আগুন, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি।
এদিকে কোতোয়ালি থানার আরেক এসআই অনুপ কুমার মন্ডল জানান, শুক্রবার রাতে শহরের বেজপাড়া মাহফুজ সড়ক এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগনেতা নজরুল ইসলাম সোহাগকে (৪৮) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত কাজী সদরুল হুদার ছেলে।
গত ১২ নভেম্বর ভোরে যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার মামলায় সন্দেহভাজন আসামি সোহাগ।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, একই রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় যুবলীগের নওয়াপাড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলামকে (৫০)। তিনি তরফ নওয়াপাড়া এলাকার আবু বক্কর সরদারের ছেলে।
২০২৪ সালের ১৮ নভেম্বর যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি শহিদুল ইসলাম। তাকে ডিবি পুলিশের সহায়তা গ্রেফতার করা হয় বলে জানান এসআই জাহিদুল।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী হোসেন জানিয়েছেন, নাশকতার মামলা আটক চারজনকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।