শিরোনাম

চুয়াডাঙ্গা, ৩ জানুয়ারি, ২০২৬ ( বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা থেকে মনোনয়ন প্রত্যাশী ১১ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬’ উপলক্ষে রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে চুয়াডাঙ্গা দুটি আসনের সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। আজ শনিবার সকাল সাড়ে দশটায় চুয়াডাঙ্গা-১ ও বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর মনোনীত জেলা ও দলের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও সংগঠনের জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি জহুরুল ইসলাম, এবি পার্টির মনোনীত প্রার্থী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং এনসিপির মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান।
অপরদিকে,চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী নুর হাকিম এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ও দলের জেলা সভাপতি আলমগীর হোসেন।
জানা যায়, এ জেলার দুইটি আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলিমা বিশ্বাস মিলি মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে জমা দেননি। এদিকে বৈধ ১১ জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজিব চুয়াডাঙ্গা ১ ও ২ আসন থেকে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন পত্র বাছাই কার্যক্রমে অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, চার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও জেলা নির্বাচন কর্মকর্তা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।