শিরোনাম

চট্টগ্রাম (উত্তর), ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত শনিবার রাত ৩টার দিকে উপজেলার নানুপুর বাজারের মির্জা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে মির্জা মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এবং কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হতো। আগুনে মৃদুল ফার্মেসির ওষুধের গুদাম, মতি টি স্টোর, বসুন্ধরা, সোহেল ব্রাদার্স, জাহাঙ্গীর টেইলার্সের কারখানা, মফিজ সওদাগর ও নাজিম সওদাগরের গুদাম, সোলাইমানের দোকান, একটি মোবাইল সার্ভিসিং শপ, কাপড়ের দোকানের গুদামসহ মোট ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।