বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩৫

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

খুলনা, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : এত বড় জানাজা, এত সম্মান, এত মানুষের আবেগতাড়িত উপস্থিতি বাংলাদেশ আগে কখনো দেখেনি। কোনো রাজনীতিকের অন্তিম বিদায়ের এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। 

তিনি বলেন, খালেদা জিয়া একটা অনুভূতির নাম। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে অবিরাম লড়াই করে ১৯৯১ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করেন তিনি। জাতির কাছে পান ‘আপসহীন দেশনেত্রী’র মর্যাদা। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের শেষ অবধি আপসের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে।

গতকাল বৃহস্পতিবার বাদ আছর নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খুলনা বিএনপি ও অঙ্গ সংগঠন এ আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, সাদেকুর রহমান সবুজ, মজিবর রহমান ফয়েজ, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান প্রমুখ।