বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ২১:০১

যশোরে ২টি আসনে জামায়াতের প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র অবৈধ

যশোর, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের মধ্যে যশোর-১ (শার্শা) ও যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। 

এতে যশোর-১ আসনের সাবেক এমপি বিএনপি নেতা মহিকুল হাসান তৃপ্তি, যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে যশোর-১ ও যশোর-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন জেলা রিটার্নিং অফিসার। 

যাচাই বাছাইয়ে যশোর-১ আসনে সাত প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় মফিকুল হাসান তৃপ্তি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও আরেক স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন, জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চল, জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ আজীজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তিয়ার রহমানের।

যশোর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে ৫ প্রার্থীর। ব্যাংক ঋণ (ক্রেডিট কার্ড) সংক্রান্ত জটিলতায় জামায়াত ইসলামী মনোনীত ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, দলীয় মনোনয়নপত্র জমা দিতে না পারায় বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক ও জহুরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসানের মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের তালিকার তথ্যে ত্রুটি থাকায় বাতিল হয়েছে। এই আসনে বিএনএফ মনোনীত প্রার্থী শামসুল হকের মনোনয়নপত্রে স্বাক্ষর ও টিআইএন সংক্রান্ত তথ্য ও জাতীয় পার্টি মনোনীত ফিরোজ শাহ’র টিআইএন ও ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য হালনাগাদ না থাকায় বাতিল করা হয়।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র ইমরান খান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রিপন মাহমুদ।

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান বলেন, আজ দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। ৪ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে বাকি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

তিনি আরও বলেন, যশোর- ১ ও ২ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা প্রার্থীতা ফিরে পেতে নিয়মানুযায়ী আপিলের সুযোগ পাবেন।

যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় ৬টি সংসদীয় আসনে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিএনপি থেকে ১০ জন, জামায়াতে ইসলামীর ৬ জন, স্বতন্ত্র ১০ জন, ইসলামী আন্দোলনের ৬ জন, জাতীয় পার্টির ৬ জন, বিএনএফ, বাসদ, জাগপা, সিপিবি, খেলাফত মজলিস ও মাইনরিটি জনতা পার্টি থেকে একজন করে এবং এবি পার্টির ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে ৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭১ জন।