বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৯:৩২

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবের দোয়া মাহফিল

ছবি : বাসস

চট্টগ্রাম, ১ জানুয়ারি ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।

বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তাঁর ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। নানা রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি-যা তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৯৫ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের চরম দুঃসময়ে বেগম খালেদা জিয়া ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছিলেন। তবে অতীতে এই অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি বলে তারা মন্তব্য করেন। বর্তমান ব্যবস্থাপনা কমিটি প্রত্যেকের অবদানের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে বলেও জানান ক্লাব নেতৃবৃন্দ।

এছাড়া বক্তারা বলেন, ২০০১ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বেগম খালেদা জিয়া কল্পলোক আবাসিক এলাকায় সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ ব্যবস্থায় প্লট বরাদ্দের উদ্যোগ নেন। এর আগেও ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের সাংবাদিকদের আবাসিক সংকট নিরসনে নগরীর বায়েজিদ এলাকায় নামমাত্র মূল্যে ১৬ একর জমি বরাদ্দ দিয়েছিলেন-যা সাংবাদিক সমাজের প্রতি তার অবদানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সদস্য মইনুদ্দিন কাদেরী শওকত, উপদেষ্টা পরিষদের সদস্য শামসুল হক হায়দরী, সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, সহসভাপতি ডেইজি মওদুদ, কার্যকরী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিনিয়র সদস্য ড. আব্দুল ওয়াজেদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমেদ শাহ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সদস্য মুহাম্মদ আজাদ ও ড্যাবের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. সারোয়ার আলম।