শিরোনাম

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ভোলার দুলারহাট থানাধীন আহম্মদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাতটি অবৈধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করা হয়।
জব্দকৃত বোট ও জাল এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।