বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৮:০৭

বাছাইকালে রংপুরের দুটি আসনের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছবি : বাসস

রংপুর, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথমদিনে আজ রংপুর-১ (গংগাচড়া ও আংশিক রংপুর সিটি) আসনে দাখিলকৃত নয়জনের মনোনয়নপত্রের মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে।

আসনটিতে প্রতিদ্বন্দ্বিতাকারী বাকি আটজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান উক্ত মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন।

এর আগে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে রংপুর-১ ও বিকেলে রংপুর-২ আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাইয়ে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের পাঁচজন প্রার্থীর সকলের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রংপুর-১ আসনে বৈধ আটজন প্রার্থী হলেন, বিএনপির মোকারম হোসেন সুজন, জামায়াতের মাওলানা রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন তিতু, জাতীয় নাগরিক পার্টির মো. আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন এই আসনে বৈধ পাঁচজন প্রার্থী হলেন বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আশরাফ আলী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)'র মো. আজিজুর রহমান।

পরে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী সাংবাদিকদেরকে  বলেন, মনোনয়ন ফরমের একটা ছোট মিসটেক এর কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে তিনি আপিল করবেন বলে জানান।

এ বিষয়ে রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, আজ সকালে রংপুর-১ আসন এবং বিকেলে রংপুর-২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাছাই করা হয়।

যাছাই-বাছাইকালে রংপুর-১ আসনে নাগরিত্ব বিষয়ে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ব্যারিষ্টার মঞ্জুম আলীর মনোনয়ন বাতিল বলে গণ্য হয়।

তবে নিয়ম অনুযায়ী তিনি নির্বাচন কমিশনে তার প্রার্থীতার বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবেন।

আগামীকাল শুক্রবার সকালে একই ভেন্যুতে রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসন ও বিকেলে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের মনোনয়ন যাছাই-বাছাই অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার সকালে রংপুর-৫ (মিঠাপুকুর) ও বিকেলে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মনোনয়ন যাছাই-বাছাই করা হবে।