শিরোনাম

টাঙ্গাইল, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ সোমবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিএনপি’র একটি বিশাল মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
মিছিলে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়কগুলো।
এর আগে, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন -এর সভাপতিত্বে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের এ উপস্থিতি প্রমাণ করে টাঙ্গাইলে ধানের শীষের বিকল্প কেউ নেই।’
তিনি জানান, টাঙ্গাইলের উন্নয়নের জন্য তিনি যে সাত দফা দাবি উত্থাপন করেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এ সমাবেশে বক্তারা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এরআগে নির্বাচনী মিছিল উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল পৌরসভা ১৮টি ওয়ার্ড এবং ১২ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন।