বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭

বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রচারণায় সুজনের গণজোয়ারের ডাক

ছবি : বাসস

বগুড়া, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জমজমাট নির্বাচনী হাওয়া। আসনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শাজাহানপুরে বিএনপির ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাগবাড়ী জিয়া বাড়ির সন্তান আশিকুর রহমান সুজন। 

গতকাল রোববার দিনভর উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন প্রচারণার মাধ্যমে তিনি ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান।

শুরুতে বাগবাড়ী জিয়া বাড়ি এলাকা থেকে আশিকুর রহমান সুজনের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল বহর বের করা হয়। শোভাযাত্রাটি শাজাহানপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ইউনিয়ন প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে স্লোগানে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

এতে অংশ নেন গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় বেশ কয়েকটি উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন সুজন। এসব সভায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও এলাকার উন্নয়নে ধানের শীষের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে তিনি আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে আশিকুর রহমান সুজনের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় নেতা-কর্মীরা জানান, সুজনের এই ঝটিকা সফর এবং সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার প্রবণতা তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আশিকুর রহমান সুজন বলেন, বগুড়া শহীদ জিয়ার দুর্গ। এই মাটির মানুষ সব সময় ধানের শীষের সঙ্গে ছিল এবং আছে। শাজাহানপুরের মানুষের ভালোবাসায় আমি অভিভূত। আমরা প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।