বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩

ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের সমর্থনে গণমিছিল

ছবি: বাসস

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে স্থানীয়দের অংশগ্রহণে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ড. আব্দুল মান্নানের নেতৃত্বে গণমিছিলটি রাজধানীর ইত্তেফাক মোড় থেকে শুরু হয়ে হোমিও কলেজের সামনে এসে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মান্নান বলেন, ঢাকা-৬ এর জনগণ মাদক পছন্দ করে না, চাঁদাবাজি পছন্দ করে না, সন্ত্রাস পছন্দ করে না। এখানকার জনগণ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি এক নতুন ইতিহাস রচনা করবেন।

তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা-৬ সংসদীয় এলাকা মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করে এক নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর হিসেবে গড়ে তোলা হবে এবং জনগণের মৌলিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

এসময় মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।