শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-৭ আসনে ১১ দলীয় প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর সমর্থনে মহিলা কর্মীদের অংশগ্রহণে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ এ গণমিছিল কামরাঙ্গীরচর সরকারি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে হাজী হাফেজ এনায়েত উল্লাহ বলেছেন, জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যারা নারীদের মা-বোনের দৃষ্টিতে দেখে, যারা নারীর অধিকার, নারীর স্বাধীনতা ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আপসহীন তাদেরকে নেতৃত্বে আনতে হবে। জামায়াতে ইসলামী নেতৃত্বে আসলেই নারী সমাজ সম্মানিত ও মর্যাদাবান হবে।
এসময় মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসন কমিটির পরিচালক আব্দুর রহমানসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।