বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১

খুলনার ৬টি আসনে ব্যালট পেপার প্রেরণ

ছবি: বাসস

খুলনা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): খুলনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ২০২৬ সালের গণভোটের ব্যালট পেপার সোমবার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা জেলা ও মহানগরীর নয়টি উপজেলাজুড়ে ছয়টি সংসদীয় আসনের ব্যালট পেপার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে নির্ধারিত কর্মকর্তাদের কাছে বিতরণ করা হয়। সকল যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব ব্যালট পেপার হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ছয়টি আসনের ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স হস্তান্তর করা হয়।

খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ জানান, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১৪৮টি ভোটকেন্দ্রের ব্যালট পেপার আজ সকল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। 

আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে সব ধরনের নির্বাচনী উপকরণ সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে যাবে বলেও তিনি জানান।

এদিকে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম চলাকালে ইউরোপীয় ইউনিয়ন ও শ্রীলঙ্কার বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা তাদের পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ট্রেজারি শাখা পরিদর্শন করেন।

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় সার্বিক নির্বাচনী প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করা হচ্ছে।