বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬

লালমনিরহাটে জামায়াত প্রার্থী আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ছবি : বাসস

লালমনিরহাট, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট আবু তাহের তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আজ সোমবার দুপুরে শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন। এতে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইশতেহারে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, দারিদ্র্য বিমোচন, বনায়ন, পর্যটন, নদী ব্যবস্থাপনা, যুব ও ক্রীড়া, সুশাসন এবং সামাজিক উন্নয়ন—এই ১০টি খাতে সেক্টরভিত্তিক উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন জামায়াত প্রার্থী। 

তিনি জানান, মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মানবিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এডভোকেট আবু তাহের বলেন, আমি নির্বাচিত হতে না পারলেও, যদি আমার দল রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো। তবে আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামী নির্বাচনে জয়ী হব।

তিনি আরও বলেন, এই আসনের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে নির্বাচিত করে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি সবার সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, সাবেক জেলা সভাপতি ফজলুল হক শামিলসহ ১১ দলীয় জোটের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ঘোষিত ইশতেহার বাস্তবায়িত হলে লালমনিরহাট সদর উপজেলাকে একটি পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব জনপদে রূপান্তর করা সম্ভব হবে।