শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট চলাকালে সুনির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ সীমানার ভেতরে প্রবেশ করতে পারবেন না।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কেবল তিনটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা মোবাইল ফোন ব্যবহারের অনুমতি পাবেন। তারা হলেন:
১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।
২. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ। এবং
৩. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য।
এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।