শিরোনাম

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ৬০ হাজার ৪৮০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
আজ সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানান।
তিনি জানান, আজ সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৮২৪ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৭ হাজার ৭৫ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
এছাড়া, ৪ লাখ ৯১ হাজার ৬৮২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।
এর মধ্যে ৩ লাখ ৫৫ হাজার ৪৩১টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত দেশের ভেতরে ৫ লাখ ২৮ হাজার ১৫৬ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
এর মধ্যে ৪ লাখ ৭৩ হজার ১৪৪ জন ভোট দিয়েছেন এবং ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৮৫০টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।