শিরোনাম

লালমনিরহাট, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : লালমনিরহাট-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের পাহারাদার ও আপোষহীন নেত্রী।
গতকাল রোববার রাতে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি আদিতমারী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভা আয়োজন করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সমর্থনে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া কখনো স্বৈরশাসকের সঙ্গে আপোষ করেননি। তিনি দেশ ও জনগণকে ছেড়ে পালিয়ে যাননি; বরং দীর্ঘদিন আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছেন। আজকের তুলনামূলকভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তার নেতৃত্বে দেশ ‘তলাবিহীন ঝুড়ি’র অপবাদ কাটিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়। উন্নত জাতের ধান, ট্রাক্টর ও সেচযন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন আসে। খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করেছে।
ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, নুরের আলম সিদ্দিকী বাবু এবং যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী।
এর আগে বিকেলে দুর্গাপুর ও সন্ধ্যায় ভেলাবাড়িতে পৃথক নির্বাচনী জনসভায়ও বক্তব্য দেন আসাদুল হাবিব দুলু।
জনসভা শেষে তিনি বিএনপির মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং দল-মত নির্বিশেষে সবাইকে এক কাতারে এসে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।