বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১০

বান্দরবানে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের

ছবি: বাসস

বান্দরবান, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় বিজিবির হেলিপ্যাড থেকে এসব ব্যালট সামগ্রী ও নির্বাচন সংশ্লিষ্টদের পাঠানো হয়।

ভোটকেন্দ্রগুলো হলো—বড় মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিন্দু মুখ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ব্যালট ও নির্বাচন সংশ্লিষ্টদের পাঠানোর সময় উপস্থিত ছিলেন, বিজিবি ৩৮ ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. পারভেজসহ অন্যান্যরা।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ ও সময়মতো ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে আগেভাগেই ব্যালট ও প্রয়োজনীয় জনবল পাঠানো হয়েছে।