শিরোনাম

বগুড়া, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট বন্দীর তুলনায় খুব কম সংখ্যক বন্দী ভোটার হিসেবে নিবন্ধন করলেও, তাদের অধিকাংশই ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। আজ রোববার বিকেল পাঁচটা পর্যন্ত এ প্রক্রিয়া চলে। আজকেই শেষ দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ জানান, বর্তমানে কারাগারে ১ হাজার ৯১৭ থেকে ১ হাজার ৯১৮ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে মোট ৮০ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।
তিনি জানান, নিবন্ধিত ৮০ জনের মধ্যে এখন পর্যন্ত ৭০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। নিবন্ধনের পর ৪ জন বন্দী জামিনে মুক্তি পেয়েছেন। একজন বন্দীর মৃত্যু হয়েছে। একজন ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং দুইজনের ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে তাদের ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ সম্পর্কে জেল সুপার বলেন, নিবন্ধনের পর অনেক বন্দী জামিনে মুক্তি পান। আবার কাউকে ভোট দিতে বাধ্য করা যায় না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হচ্ছে।