বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৩

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

ছবি : বাসস

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে এসে নিজেকে এই এলাকার সন্তান দাবি করে ধানের শীষের প্রার্থী হিসেবে সবার কাছে ভোট চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি আপনাদের প্রার্থী, ধানের শীষের প্রার্থী। এই এলাকা থেকে ঢাকা-১৭ থেকে প্রার্থী হয়েছি। আমি এই এলাকার সন্তান। শিশুকাল থেকে এ এলাকায় বড় হয়েছি।

তিনি আরও বলেন, আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। ১২ তারিখে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে আমাকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিন।

আজ রোববার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইসিবি চত্বরে বিজে টাওয়ারের সামনে তৈরি পথসভা মঞ্চ থেকে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা, মানুষের চলাচলের রাস্তা। তাই বক্তব্য বেশি লম্বা করব না।

ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদ যে কোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারবে। বিএনপি ১২ তারিখে জনগণের ভোটে  সরকার গঠন করতে পারলে আমি ঢাকা শহরকে নিরাপত্তার শহরে পরিণত করতে চাই। এমন একটি পরিচ্ছন্ন সুন্দর শহর গড়ে তুলতে চাই, যেখানে মানুষ প্রাণখুলে শ্বাস নিতে পারবে।

তিনি আরো বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবো। যেখানে শিশুরা খেলবে, মুরব্বিরা বিকেলবেলায় হাঁটাহাঁটি করবে।

তারেক রহমান বলেন, এই এলাকার মানুষের অনেক দিনের প্রত্যাশা ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হোক। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অবশ্যই ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তার প্রসার ঘটাবো।

তিনি আরো বলেন, আবারো বিনীত অনুরোধে করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।

বেলা সাড়ে ৩ টায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরের বিজে টাওয়ারের সামনে তৈরি প্রথম পথসভা মঞ্চে এসে উপস্থিত হন তারেক রহমান। এ সময় তিনি সেখানে পৌঁছে হাত উঁচিয়ে উপস্থিত এলাকাবাসীর প্রতি অভিবাদন জানান। পুরো এলাকায় তখন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তারেক রহমান পথসভা মঞ্চে এলে নেতাকর্মীরা স্লোগান ধরেন, ভোট দেব কীসে, ধানের শীষে; ১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই পথসভা জনসভায় রূপান্তরিত হয়।

দুপুর গড়ানোর আগেই ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় উৎসুক মানুষের উপস্থিতি বাড়তে শুরু করে। সকাল থেকেই মাটিকাটা ও মানিকদি এলাকা থেকে দলে দলে নেতাকর্মী হাতে ধানের শীষ এবং ধানের শীষ প্রতীক আঁকা গেঞ্জি পরিধান করে পথসভায় অংশ নিতে ইসিবি চত্বরে এসে জড়ো হতে থাকে।

পথসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি কার্যক্রম চালিয়েছে।

ইসিবি চত্বরে বক্তব্য শেষে তিনি পর্যায়ক্রমে ঢাকা উত্তরের আরো পাঁচটি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন। দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বও সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে, ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে, ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমাহলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

দুই দিনে ঢাকায় মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ ও নিজ নির্বাচনী এলাকায় আরো আটটি পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন তারেক রহমান। এটাই তার শেষ নির্বাচনী প্রচারণা।