বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১

১৯৯১ সাল থেকে প্রকাশিত নির্বাচনী ইশতেহার নিয়ে গবেষণাধর্মী ওয়েবসাইট

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করছে, ঠিক সেই সময় একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের অংশ হিসেবে ১৯৯১ সাল থেকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার নিয়ে একটি ওয়েবসাইট উন্মুক্ত করা হয়েছে।

'বাংলাদেশের নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার' শীর্ষক এই গবেষণা প্রকল্পের আওতায় তৈরি ওয়েবসাইটটিতে ১৯৯১ সালের পর অনুষ্ঠিত সব জাতীয় নির্বাচনে বিভিন্ন দলের প্রকাশিত ইশতেহার সংরক্ষণ ও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে প্রকাশিত ইশতেহারগুলোও এই ডাটাবেইজে যুক্ত করা হয়েছে।

ওয়েবসাইটটির ঠিকানা: https://www.votemanifesto.com/

প্রকল্পটির গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজ এবং লেখক ও গবেষক এম এম মুসা।

ওয়েবসাইটের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, ১৯৯১ সালের পর থেকে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছে এবং কোন কর্মপন্থা নির্ধারণ করেছে—তা গবেষক, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের পর্যালোচনা ও বিশ্লেষণে সহায়তা করাই এই ডাটাবেইজের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে বিভিন্ন সময়ের নির্বাচনে প্রকাশিত ইশতেহারগুলো একত্রিত করে একটি সহজলভ্য ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

গবেষণা প্রকল্পের বর্ণনায় উল্লেখ করা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার একটি মৌলিক ও অপরিহার্য অঙ্গ হলো নির্বাচন। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় পর্যায়ের নির্বাচনের মাধ্যমে নাগরিকরা আইনসভায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করে থাকেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের পথ উন্মুক্ত করে।

নির্বাচনে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করে। প্রার্থীদের মনোনয়ন দেওয়ার পাশাপাশি প্রায় প্রতিটি রাজনৈতিক দল একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে, যেখানে দলের আদর্শিক অবস্থান, নীতিগত দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরা হয়।

নির্বাচনী ইশতেহার নাগরিকদের কাছে একটি দলের প্রতিশ্রুতির দলিল হিসেবে বিবেচিত হয়। সেই অর্থে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দলের পরবর্তী কার্যক্রম ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের ক্ষেত্রেও ইশতেহার একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি।

অধ্যাপক আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ (এআইবিএস)-এর প্রেসিডেন্ট। বর্তমানে তিনি উপদেষ্টা পদ-মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, এম এম মুসা একজন লেখক ও গবেষক। পেশাগত জীবনে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা নিয়ে নিয়মিত লেখালেখি করে আসছেন।