বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১০
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

নাটোর জেলা কারাগারে ৩৮ বন্দী ভোট প্রদান করেছেন

ফাইল ছবি

নাটোর, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলা কারাগারে ৩৮বন্দীর পোস্টাল ব্যালটে ভোট প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এসব বন্দীরা একই সঙ্গে পৃথক দুইটি ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট প্রদান করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মত জেলবন্দীদের ভোট প্রদানের সুযোগ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রেক্ষাপটে কারাগার কর্তৃপক্ষের উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সাড়া প্রদান করে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ৪১ বন্দী। 

জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দের পরে নিবন্ধিত হাজতি ও কয়েদিদের অনুকুলে প্রতীক সম্বলিত জাতীয় নির্বাচনের পোষ্টাল ব্যালট পেপার, গণভোটের পোষ্টাল ব্যালট পেপার ছাড়াও ভোটদাতার নির্দেশনাবলী এবং ঘোষণাপত্র ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করে নির্বাচন কমিশন। তিনদিন ধরে গত বৃহস্পতিবার এই ভোট প্রদান শেষ হয়।

জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল জানান, নিবন্ধিত ৪১ বন্দীর মধ্যে দুইজন জামিনে মুক্ত হয়েছেন এবং একজন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে স্থানান্তরিত হওয়ার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ব্যালটটি তার কাছে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ নাটোর জেলা কারগারে ৩৮ বন্দী পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন।