বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২০

রাঙ্গামাটির দুর্গম ২০টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু

নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলা দুর্গম ২০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট  কর্মীদের হেলিকপ্টারে করে পাঠানো শুরু হয়েছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে পার্বত্য জেলার ২১৩ টি কেন্দ্রের মধ্যে  দুর্গম ২০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট  কর্মীদের হেলিকপ্টারে করে পাঠানো শুরু হয়েছে।

২১৩টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র রয়েছে দুর্গম পাহাড়ী অঞ্চলে। ভোগোলিক অবস্থার ও অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে এইসব কেন্দ্রে হেলিকপ্টার ছাড়া যাওয়ার কোন উপায় নেই। দুর্গমতার  কারণে এসব নির্বাচনী কেন্দ্রে  গতকাল শনিবার থেকে পৃথক পৃথক ভাবে দুর্গম ২০টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার করে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাচন কর্মীদের পাঠানো শুরু হয়েছে। 

আজ রোববার জুরাছড়ির দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাচন কর্মীদের পাঠানো হয়েছে এবং তা অব্যাহত রয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।

তিনি জানান, পাহাড়ের দুর্গম ২০টি ভোট কেন্দ্রের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ছয়টি, বরকলে দুটি, জুরাছড়িতে সাতটি ও বিলাইছড়িতে পাচঁটি কেন্দ্র রয়েছে। এসব দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ৩০ হাজারের বেশি ভোটার রয়েছে। কয়েক ধাপে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

সড়ক ও নৌপথে যোগাযোগের স্বাভাবিক ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করে এ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন আরো বলেন, রাঙ্গামাটির ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো শুরু হয়েছে। এগুলোর জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সহায়তায় হেলিসর্টের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পরিবহন করা হচ্ছে।
কয়েক ধাপে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটে এবার রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি ৪ উপজেলার ২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

এসব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আনা নেয়ায় হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, রাঙ্গামাটির দশ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার পাঁচ লাখ নয় হাজার ২৬৭।

এর মধ্যে পুরুষ দুই লাখ ৬৩ হাজার ৪১০ আর নারী ভোটার দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ এবং হিজরা ভোটার রয়েছে দুইজন।

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।