বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৮

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে : মিনু

রোববার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভা করেন বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। ছবি: বাসস

রাজশাহী, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।

আজ রোববার বেলা সাড়ে ১১ টার দিকে  নগরীর ৩ নং ওয়ার্ডের বহরমপুর মোড় থেকে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, ‘রাজশাহীর মানুষ উন্নয়ন চায়, কিন্তু সেই উন্নয়ন হতে হবে সবার জন্য। কোনো বৈষম্য নয়, কোনো দুর্নীতি নয়—স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে।

‘দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের মানুষ নানা সমস্যায় ভুগছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকটসহ মৌলিক নাগরিক সেবাগুলোতে ঘাটতি রয়েছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবো।

যুবসমাজের কথা উল্লেখ করে মিনু বলেন, যুবকরাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। তাদের জন্য শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারে।

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার প্রার্থী মিনুর বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের কথা শোনে—এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করেন।

মিনু এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে একটি আধুনিক ও মানবিক নগরীতে রূপান্তর করতে চাই।

এ সময় মিনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। গণসংযোগে প্রার্থী মিনুর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই ওয়ার্ডের গনসংযোগে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ভোটাররা মিনুকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।