শিরোনাম

পিরোজপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, আজ থেকে ২৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পিরোজপুরের ইন্দুরকানীকে উপজেলা হিসেবে ঘোষণা করে এর নাম রেখেছিলেন জিয়ানগর উপজেলা। জিয়াউর রহমানের নামে বাংলাদেশে একমাত্র উপজেলা জিয়ানগর। এই উপজেলা থেকে বিএনপি ৯০ ভাগ ভোট পাবে ইনশাল্লাহ।
তিনি ইন্দুরকানী (জিয়ানগর) সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
শিরিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানের শীষ। বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ এবং তারেক রহমানের মার্কাও ধানের শীষ। আর এই আসনে বেগম খালেদা জিয়ার সন্তান তুল্য ক্লিন ইমেজের অধ্যক্ষ আলমগীর হোসেনকে নমিনেশন দেওয়া হয়েছে। আপনারা আলমগীর হোসেনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার ভিত্তিতেই আগামীর সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
এ সময় ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এলাকার উন্নয়ন, পিরোজপুরে অর্থনৈতিক জোন তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি, মৎস্যজীবী ও কৃষকদের জীবনমান উন্নয়ন, এলাকাকে মাদক ও দুর্নীতিমুক্ত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
উপজেলা বিএনপির সভাপতি মো.ফরিদ আহমেদের সভাপতিত্বে এ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।