বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৪

১২ ফেব্রুয়ারি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন হবে : জোনায়েদ সাকি

ছবি : বাসস

ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : গণসংহতি আন্দোলনের(জিএসএ) প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন হবে। 

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এই ঘোষণা দেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি ও যুগপৎ জোটের প্রার্থী জোনায়েদ সাকির সমাবেশে বাঞ্ছারামপুরের বিভিন্ন ইউনিয়নের মানুষ অংশ নেন।

সমাবেশে জনতার উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন, ‘যদি শাসনব্যবস্থা বদলাতে চান, আগামী ১২ তারিখ গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়ে শহীদদের রক্তস্নাত জুলাই জাতীয় সনদকে অনুমোদন করুন। আর যদি রাষ্ট্রব্যবস্থার সংস্কার চান, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যুগপৎ জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। আমরা বিশ্বাস করি, ১২ তারিখ মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন হবে।’

তিনি সমাবেশে উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গঠনের পরিকল্পনা তুলে ধরেন। এতে মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, শিশুদের যথাযথ বিকাশ, তরুণদের উপযুক্ত কর্মসংস্থান, মাদকের কবল থেকে মুক্তি, মেঘনা সেতু নির্মাণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এলপিজি গ্যাস সরবরাহ, প্রবাসীদের অধিকার রক্ষা, বিনিয়োগ ও পর্যটন সম্ভাবনা বৃদ্ধি, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং নারীর নিরাপত্তা বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

জোনায়েদ সাকি আরও বলেন, ‘গণতন্ত্রের জন্য ভোট গুরুত্বপূর্ণ। ৫৪ বছর ধরে আমরা ভোট নিয়ে লড়ছি। সুষ্ঠু ভোটে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে। আমরা নিজে কোনো ভোট জালিয়াতি করব না এবং কাউকেও তা করতে দেব না।’

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া।  

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী  হাসান পলাশ।