বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৭

নির্বাচনে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে : সালাম

ছবি : বাসস

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভোট কারচুপি বা নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আজ শনিবার রাজধানীর মিরপুর ১৪ নাম্বারে, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণাকালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, আজও তেমন নেতৃত্ব প্রয়োজন। দেশের জন্য সেরকম একজন নেতৃত্ব দিতে পারে একমাত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, এই দেশ পরিচালনা করার জন্য জনগণ ইতোমধ্যেই আগামী দিনের নেতা হিসেবে তারেক রহমানকে ঠিক করে নিয়েছে। তারেক রহমান তাঁর বাবা ও মায়ের মতোই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেবেন।

আবদুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি ও দুর্নীতি বন্ধ হবে এবং মানুষ তাদের অধিকার ফিরে পাবে। একই সঙ্গে এই অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানির সমস্যা সমাধান হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান নির্বাচিত হলে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন-এমনটাই জনগণের প্রত্যাশা। প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের অভাব ও অভিযোগ সবার আগে তিনি দূর করবেন বলে এখানকার মানুষ বিশ্বাস করে। এই এলাকার মানুষ কোনো এমপিকে নয়, প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায়।

যারা ভোট কারচুপি বা ষড়যন্ত্রের কথা ভাবছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, অতীতের মতোই যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে।

নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমউদ্দিন আলম বলেন, ঢাকা-১৭ আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করছেন। এই এলাকার মানুষ অত্যন্ত ভাগ্যবান যে, তারেক রহমান এই আসনে নির্বাচন করছেন, যিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতি চালু করেছিলেন, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছেন। তাদেরই সন্তান তারেক রহমান।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি মানবিক রাষ্ট্র গঠন করা হবে, যেখানে জনগণের অধিকার থাকবে। আইন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। সব দেশের সাথে সুসম্পর্ক থাকবে কিন্তু রাষ্ট্রের স্বার্থে কারো সাথে আপস করা হবে না।