শিরোনাম

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, গত ১৭ বছর দেশে ভোটারবিহীন সরকার কায়েম ছিল। এ সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে।
তিনি বলেন, এর ফলে এলাকার কোনো বাস্তব উন্নয়ন হয়নি। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান-সব ক্ষেত্রেই এই এলাকা অবহেলিত থেকেছে।
আজ শনিবার ফকিরখালী এলাকায় গণসংযোগকালে ড.এম এ কাইয়ুম এ কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, ফকিরখালী বিএনপির শক্ত ঘাঁটি। এই এলাকার মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপিকে ভোট দিয়েছে।
তিনি বলেন, এবার জনগণের সামনে ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের পথে ফকিরখালীকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে।
বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
ফকিরখালীবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনার একটি ভোটই পারে এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের রুখে দিতে।
বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক কাইয়ুম বলেন, এই এলাকার উন্নয়নের জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করার অঙ্গীকার করছি। রাজনৈতিক বিভেদ ভুলে ফকিরখালীর সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।