বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

খুলনা ও পিরোজপুরের ৬৬ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড

খুলনা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা ও পিরোজপুর জেলার তিনটি আসনে তিন উপজেলার মোট ১৬ টি ইউনিয়নের ৬৬ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন বাহিনীর সদস্যরা।  

কোষ্ট গার্ড সূত্রে জানা যায়, খুলনা-১ আসনের দাকোপ, খুলনা-৬ আসনের কয়রা এবং পিরোজপুর-৩ আসনের মঠবাড়িয়া উপজেলার নির্ধারিত নির্বাচনী এলাকাসমূহের ১৬ টি ইউনিয়নের ৬৬ টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

আজ শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড -এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন।  

এই কর্মকর্তা আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।