বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৪

ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্বে আনসার-ভিডিপির ৩ হাজার ৮১ সদস্য

শনিবার দুপুরে জেলা কমান্ড্যান্ট -এর কার্যালয়ের মাঠে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয় । ছবি : বাসস

ঝালকাঠি, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৮১ জন আনসার-ভিডিপি সদস্য। জেলার ৪ টি উপজেলার ২৩৭ টি ভোট কেন্দ্রে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার দুপুর জেলা কমান্ড্যান্ট -এর কার্যালয়ের মাঠে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এসব তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ।

এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা কর্মকর্তা নিরব বিশ্বাস, রাজাপুর উপজেলা কর্মকর্তা আশালতা, কাঠালিয়া উপজেলা কর্মকর্তা সাইফুন্নাহার, নলছিটি উপজেলা কর্মকর্তা সুরাইয়া বেগম সহ বাহিনীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ বলেন, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সদস্যরা বিগত প্রায় দেড়বছর ধরে চলমান প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তরুণ সদস্যদের অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রিজার্ভ সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।