বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১২

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি’র নির্বাচনী শোভাযাত্রা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

টাঙ্গাইল, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থনে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহর বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে ধানের শীষের প্রার্থীর সমর্থনে নির্বাচনী শোভাযাত্রা বের হয়।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু এ শোভাযাত্রায় নেতৃত্বে দেন।

এ শোভাযাত্রায় হাজারো নারী-পুরুষ অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সমাবেশে সুলতান সালাউদ্দিন টুকু আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। 

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।