শিরোনাম

কুড়িগ্রাম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তরের তত্ত্বাবধানে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকযোগে ভোটারদের সচেতন করার লক্ষ্যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার এ কর্মসূচী উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন।
এসময় জেলা সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার ৪টি আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ভোটারদের সচেতন করছে। এতে নির্ভয়ে ভোট প্রদান, নির্বাচনী আচরণবিধি মানা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।