শিরোনাম

রাজশাহী, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. শরিফ উদ্দিন তানোর উপজেলায় গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন।
আজ শনিবার দুপুরে তানোর উপজেলার দুবইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এ সভা করেন।
গণসংযোগকালে তিনি ওই এলাকার বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। নিজের ধানের শীষ প্রতীকে ভোট এবং দোয়া কামনা করেন।
নির্বাচনী সভায় শরিফ উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার অবনতি মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। আগামী দিনে এইসব বিষয় সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে। তানোরকে একটি উন্নত, শিক্ষাবান্ধব ও কর্মসংস্থানমুখী এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য।
কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। যাতে তারা সরাসরি কৃষি কাজে ব্যবহৃত সারসহ যাবতীয় জিনিস পেতে পারেন। নির্বাচনী সভা শেষে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, তানোরের বিএনপি নেতা মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই তানোর এবং গোদাগাড়ী উপজেলায় সকাল থেকে রাত পর্যন্ত তিনি নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন।