শিরোনাম

ফেনী, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর ঈগল প্রতীক ও গণভোটে হ্যাঁ এর সমর্থনে তারুণ্যের সাইকেল যাত্রা করেছে জেলা ইসলামী ছাত্রশিবির।
আজ শনিবার সকালে সংগঠনটির ফেনী শহর শাখার আয়োজনে সরকারি পাইলট হাই স্কুল মাঠে ৩ শতাধিক তরুণ এ র্যালিতে অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মজিবুর রহমান মঞ্জু।সাইকেল যাত্রা পাইলট মাঠ থেকে শুরু হয়ে কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও মিজান রোড হয়ে পুনরায় পাইলট মাঠে গিয়ে শেষ হয়।
ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চাকসু জিএস সাঈদ বিন হাবীব ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম। এসময় ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি আ.ন.ম আবদুর রহীম, সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ ও সাবেক জেলা সভাপতি মইনুল ইসলাম জোবায়ের উপস্থিত ছিলেন।
এ সময় মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘তরুণরাই রাষ্ট্র বদলাবে। তরুণরাই নতুন একটা দেশ গড়ে তুলবে। তরুণরা পুরোনো গ্লানি মুছে দিয়ে যত কঠিনে হোক,যত সংগ্রাম মুখর হোক, তারুণ্যের জন্য লড়াই করবে। তরুণরা আজাদীর লড়াই করবে। তরুণরা আজাদী এনেছিল ৪৭ এ,তরুণরা আজাদী এনেছিল ৭১ এ,তরুণরা প্রতিবাদ করেছিল১৯৯০ এ, তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এরমধ্য দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের ঠাই হবে না।’