শিরোনাম

সিলেট, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল।
আজ (শনিবার) সকাল ১১টায় নগরের একটি অভিজাত হোটেলের হলরুমে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় রাজনীতিবিদ ইভারস ইজাবস-এর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রেস অফিসার এভারহার্ড লিউইসহ আরও অনেকে।
বৈঠকে ইইউ প্রতিনিধিরা খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে নির্বাচনের প্রচার কার্যক্রমে মাঠের সার্বিক অবস্থা, নির্বাচনের দিন ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশের ব্যাপারে তার মতামত জানতে চান।
বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, বৈঠকে তারা মূলত নির্বাচনের পরিবেশ কেমন, ভোটারদের নির্বাচনের প্রতি আগ্রহ আছে কি না, নারীসহ সব ধর্ম-বর্ণের মানুষের জন্য ভীতিহীন নির্বাচনের পরিবেশ আছে কি না- এসব বিষয়ে জানতে চেয়েছেন।
তবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বৈঠকে ইইউ মিশন নিজেদের কোনো পর্যবেক্ষণ জানায়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ইইউ কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান করছে না। ভোটের পরিবেশ কেমন সেটি পর্যবেক্ষণের জন্য তারা এসেছেন বলে আমাকে জানিয়েছেন।’