বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭

জাতীয় নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি : লে. কর্নেল মো. নাফিজ 

শনিবার পটুয়াখালী শহরে হাজী আক্কেল আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান। ছবি: বাসস

পটুয়াখালী, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে দক্ষিণাঞ্চলে কঠোর অবস্থানে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে দায়িত্ব পালন করবে।

শনিবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় হাজী আক্কেল আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে, যাতে নির্বাচনকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়মের সুযোগ না থাকে।

লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান আরো জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতি উপজেলায় সর্বোচ্চ ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। নির্বাচনি এলাকাগুলোতে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।

তিনি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেএন-৯ ডগ স্কোয়াড, র‌্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

বিজিবি অধিনায়ক জানান, পটুয়াখালী জেলার চারটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত সাতটি উপজেলায় মোট সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

তিনি আশা প্রকাশ করেন, বিজিবি’র এই কঠোর ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।