বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১২

ঝিনাইদহে সুজনের সংলাপে ‘জনতার মুখোমুখি’ প্রার্থীরা

সুজনের সংলাপে ‘জনতার মুখোমুখি’ প্রার্থীরা ।ছবি: বাসস

ঝিনাইদহ, ৭  ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে ঝিনাইদহে ‘জনতার মুখোমুখি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা অংশ নেন।

শনিবার সকাল ১০টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

‘সুজন’র ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য রাখেন সুজন-এর যশোর অঞ্চলের সমন্বয়কারী মো. খোরশেদ আলম।

সুজন’র ঝিনাইদহ জেলার সম্পাদক মো. শরীফ মাহমুদুল হাসান সংলাপে অংশগ্রহণকারী প্রার্থী ও উপস্থিত দর্শকদের শপথ পাঠ করান। 

এরআগে সংলাপের শুরুতে প্রার্থীদের অঙ্গীকার পাঠ করান সুজন’ এর যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসানের সঞ্চালনায় সংলাপে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ)-এর প্রার্থী আসসাদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র প্রার্থী আবু তোয়াব অপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এইচ এম মুমতাজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবুববকর অংশ নেন।

সংলাপে বাংলাদেশ সমাজতান্তিক দলের (বাসদ) প্রার্থী আসসাদুল ইসলাম তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ পুনগর্ঠন করা হবে।

বিগত ৫৪ বছর দেশের ক্ষমতা কেবল দু’টি দলের মধ্যেই হাতবদল হয়েছে। যে কারণে দেশের গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দিনমজুর, মেহনতি মানুষ ও শ্রমিক শ্রেণির জীবনমান উন্নয়নে বিগত কোনো সরকার কাজ করেনি। বরং বারবার দলীয় নেতা-কর্মীদের পকেট ভারী হয়েছে। আগামী নির্বাচন আমাদের সামনে সুযোগ তৈরি করেছে। আমরা আশা করছি, মানুষ নতুন নেতৃত্বকে বেঁছে নেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এইচ এম মুমতাজুর রহমান বলেন, আল্লাহ’র আইন ছাড়া মানুষের তৈরি আইন দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। দুর্নীতি-দুঃশাসন ও অপরাধ দূর করতে ইসলামী শাসনের বিকল্প নেই। মানুষ পরিবর্তন চায়, তারা একটি নতুন বাংলাদেশ চায়।

সংলাপে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ঝিনাইদহ-২ আসনের প্রার্থী আবু তোয়াব অপু তার বক্তব্যে বলেন, দুর্নীতি-দুঃশাসনের রাজনীতি আর দেশের মানুষ মেনে নেবে না। তরুণ প্রজন্ম দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক ও ধর্মভিত্তিক শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী শক্তির বিরুদ্ধেই আগামী নির্বাচনে অবস্থান নেবে। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে এই প্রচলিত ধারা ভাঙতে হবে। মানুষের জন্য মানুষের কাছে গিয়ে তাদের কথা আমরা শুনছি। আমরা একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও প্রগতিশীল বাংলাদেশের স্বপ্ন দেখি।

ঝিনাইদহ-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবুবকর বলেন, বিগত ৫৪ বছরে দেশের কোনো গুণগত পরিবর্তন হয়নি।

দুর্নীতি, অপশাসন, জুলুম নির্যাতনের এক অভয়াশ্রম ছিল দেশ। ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন ও আধিপত্যবাদী শক্তির পরাজয় ঘটেছে।

তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। ভয়হীন, শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। সেই ক্ষেত্রে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে কাজ করতে হবে। আমরা আগামীর নতুন বাংলাদেশ গড়বোই ইনশাআল্লাহ।

এ ছাড়া সংলাপে প্রার্থীরা ঝিনাইদহে রেললাইন স্থাপন, স্বাস্থ্য-শিক্ষা খাতসহ সার্বিক উন্নয়নে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন। সেই সাথে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও জবাবদিহি মূলক সরকার গঠনের লক্ষ্যেও সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেন।

‘সুজন’র জেলা সভাপতি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষ আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাদের অনেক প্রত্যাশা, তারা একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক বাংলাদেশ চায়। গণমানুষের প্রত্যাশা পূরণে আগামী সরকার ও তাদের প্রতিনিধিরা সচেষ্ট হবে-এটাই আমাদের আকাঙ্খা। দুর্নীতি, স্বজনপ্রীতি ও ভয়ভীতির রাজনীতি শেষ হলেই বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণ প্রজন্মের আশা আকাঙ্খার বাস্তবায়ন হবে।